লঘুচাপের প্রভাবে উত্তাল পদ্মা: মুন্সীগঞ্জে নদীভাঙন আতঙ্কে সহস্রাধিক পরিবার

মুন্সীগঞ্জ, ৬ জুলাই – বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। প্রবল ঢেউ এবং তীব্র স্রোতের কারণে নদীতীরবর্তী এলাকায় নতুন করে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে উপজেলার সিংহেরহাটি, নওপাড়া এবং রাউৎগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন অতিবাহিত করছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
এর প্রভাব পড়েছে পদ্মা অববাহিকাতেও। নদীতে পানি বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে বড় বড় ঢেউ সরাসরি তীরে আঘাত করছে। এতে নদীতীরের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকি আরও প্রকট হয়েছে। সরেজমিনে ওইসব এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র স্রোতের আঘাতে তীররক্ষা বাঁধে স্থাপিত জিও ব্যাগগুলো বিভিন্ন স্থান থেকে সরে যাচ্ছে।
অনেক জায়গায় বাঁধের একাংশ ধসে পড়ায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্রুত কোনো স্থায়ী সমাধান বা আপদকালীন ব্যবস্থা না নিলে যেকোনো সময় তাদের বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হতে পারে। রাতের বেলা নদীর গর্জন এবং ঢেউয়ের তোড়ে অনেক পরিবার বিনিদ্র রাত কাটাচ্ছেন।
স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, ভাঙন শুরু হলে শত শত একর ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে অনেক পরিবার অর্থনৈতিক ও মানসিকভাবে বিপর্যয়ের মুখে পড়বে। বাসিন্দারা দাবি জানিয়েছেন যেন দ্রুত অতিরিক্ত জিও ব্যাগ ফেলা হয় এবং একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
পরিস্থিতি সম্পর্কে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জানিয়েছেন যে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ভাঙনের তীব্রতা বাড়লে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ৬ জুলাই ২০২৬









