মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর- মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আব্দুল হাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর মুন্সিগঞ্জে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।

আব্দুল হাই ১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়।

১৯৭৮ সালে আব্দুল হাই বিএনপিতে যোগ দেন। এর পরের বছর, ১৯৭৯ সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আরও চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এস এম/ ১৫ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language