দক্ষিণ আমেরিকা

লাতিন আমেরিকায় সাংবাদিকতা ক্রমেই ঝুঁকিপূর্ণ, বাড়ছে হামলা ও সরকারি চাপ

লাতিন আমেরিকায় সাংবাদিকতা

কুইটো, ২৯ নভেম্বর-লাতিন আমেরিকাজুড়ে সাংবাদিকতা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সাংবাদিকদের ওপর প্রাণঘাতী হামলার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ, অনলাইনে হয়রানি এবং সরকারি হস্তক্ষেপের মাধ্যমে স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। এর ফলে শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পুরো অঞ্চলের গণতান্ত্রিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক মতামত নিবন্ধে এ চিত্র তুলে ধরেছেন লেখক ক্যারোলিনা লোজা লিওন।

তিনি লিখেছেন, চলতি মাসের শুরুতে ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় শহর কালসেতায় নিজের বাড়ির সামনে গুলিতে নিহত হন সাংবাদিক তোমাস বেলত্রান। তিনি স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যম পরিচালনা করতেন। কয়েক মাস ধরে প্রাণনাশের হুমকি পাওয়ার পর তাকে সাময়িকভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সরকারি সুরক্ষা বন্ধ হয়ে যাওয়ার পর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

চলতি বছর ইকুয়েডরে এ নিয়ে অন্তত দ্বিতীয় গণমাধ্যমকর্মী নিহত হলেন। ২০২৫ সালে দেশটিতে ছয়জন সাংবাদিক হত্যার শিকার হন। অন্যদিকে, গত বছর পুরো লাতিন আমেরিকায় অন্তত ২৩ জন সাংবাদিক নিহত হন।

লেখকের মতে, সাংবাদিকদের ওপর চাপ শুধু অপরাধী চক্র বা সশস্ত্র গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ নেই। অনেক ক্ষেত্রে সরকারও সাংবাদিকদের ভয় দেখানো ও হয়রানির সঙ্গে জড়িত।

ইকুয়েডরের সাংবাদিক গিসেলা বায়োনা প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়ার সমালোচনা করে মন্তব্য করার পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনলাইন হয়রানি শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি পেশা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।

একইভাবে সরকারি চাপের মুখে বিজ্ঞাপনদাতারা সরে যাওয়ায় সংবাদপত্র ‘এক্সপ্রেসো’র সাংবাদিক রবার্তো আগুইলারকেও চাকরি ছাড়তে হয়। ৫৩ বছর প্রকাশিত হওয়ার পর গত ৮ অক্টোবর পত্রিকাটি তাদের ছাপা সংস্করণ বন্ধ করে দেয়।

ইকুয়েডরের গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা ফান্ডামেদিওসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর গড়ে ১০০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। লাতিন আমেরিকার আঞ্চলিক সংগঠন ভোসেস দেল সুরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে পুরো অঞ্চলজুড়ে সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে চাপ ও সহিংসতার ২ হাজার ৪৮০টির বেশি ঘটনা ঘটেছে।

নিকারাগুয়ায় সাংবাদিকতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, এল সালভাদরে জরুরি অবস্থার নামে নজরদারি ও আর্থিক চাপের কারণে স্বাধীন সাংবাদিকতার পরিসর সংকুচিত হচ্ছে। এ ছাড়া বিজ্ঞাপন বন্ধের চাপ, অপতথ্য ছড়ানো এবং অনলাইন হয়রানিও সংবাদমাধ্যমকে দুর্বল করে তুলছে।

লেখকের মতে, লাতিন আমেরিকার ৩৫টি দেশের মধ্যে ১৬টিতে নাগরিক পরিসর বাধাগ্রস্ত, দমনমূলক অথবা বন্ধ অবস্থায় রয়েছে। লাতিনোবারোমেত্রোর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অঞ্চলটির ৫২ শতাংশ মানুষ মনে করেন, কোনো অগণতান্ত্রিক সরকার সমস্যার সমাধান করতে পারলে সেটি মেনে নেওয়া যেতে পারে।

লিওন সতর্ক করে বলেছেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার অর্থ হলো জনগণের জানার অধিকার এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার পথ বন্ধ করে দেওয়া।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language