মধ্যপ্রাচ্য

ইরাককে ট্রাম্পের নীতির ‘হাতিয়ার’ না হওয়ার সতর্কবার্তা ইরানের

ইরাককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাস্তবায়নের ‘হাতিয়ার’ না হওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান

তেহরান,২৯ নভেম্বর-ইরাককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাস্তবায়নের ‘হাতিয়ার’ না হওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। একই সঙ্গে তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটনকে হস্তক্ষেপের সুযোগ না দেওয়ার জন্য বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর প্রেক্ষাপটে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার এবং তেল পাচারবিরোধী অভিযান শুরু করেছে ইরাক।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার ইরাককে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, সীমান্তসংক্রান্ত বিষয়ে বাগদাদকে সতর্ক থাকতে হবে, যাতে ইরাক ট্রাম্পের নীতি বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হয়।

এদিকে একই দিন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি তেহরান সফরে গিয়ে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রেজাই বলেন, ইরান ও ইরাকের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বিদেশিদের নেতিবাচক প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া উচিত নয়। পাশাপাশি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি পুরোপুরি বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

জবাবে আল-আবুদি বলেন, ইরাক তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ দেবে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রভাব স্থলবাণিজ্যেও ছড়িয়ে দিতে চায় ওয়াশিংটন। চলতি মাসের শুরুতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন জানিয়েছিলেন, ইরানের সঙ্গে থাকা দুটি ছাড়া বাকি সব সীমান্ত প্রবেশপথ বন্ধ করতে বাগদাদকে অনুরোধ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। নৌপথে অবরোধের কারণে ইরান এখন স্থলসীমান্তের বাণিজ্যের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির নির্দেশে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কয়েকটি অনানুষ্ঠানিক সীমান্তপথ বন্ধের কাজ শুরু হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে উত্তরাঞ্চলের কুর্দিস্তান অঞ্চলের সীমান্তপথও বন্ধ করা হচ্ছে।

ইরাকি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর ইরাক থেকে তেল পাচার করে ইরানে নেওয়া হতো। পরে সেখানে ইরানি তেলের সঙ্গে মিশিয়ে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে সেগুলো রপ্তানি করা হতো।

এদিকে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বাগদাদ। দেশটি বলেছে, সীমান্তপথ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া তাদের সার্বভৌম অধিকার। তবে সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যেও উত্তেজনা তৈরি হয়েছে।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language