ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন আমিরাতের প্রধানমন্ত্রী

ঢাকা,২৯ নভেম্বর-দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
রোববার ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা থেকে আমন্ত্রণ জানিয়েছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আমিরাতের এই নেতা বলেন, মানবজাতির জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।
তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যতের সরকার গঠন)।
এটি একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সম্মেলন। এখানে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হন। তারা উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থায় উদ্ভাবনী পদ্ধতি খুঁজে দেখেন।
প্রতিবছর আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন ভাগাভাগি এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার সুযোগ খুঁজে পায়।
সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টির বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন।
এ ছাড়া বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও চিন্তাবিদদের অংশগ্রহণে আয়োজিত ওই সম্মেলনে সব মিলিয়ে ৬ হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে আলোচনা উৎসাহিত করা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই অগ্রগতি এগিয়ে নিতে যৌথ কৌশল তৈরি করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬







