জাতীয়

সাত দিনে এসএমই মেলায় ১৪ কোটি টাকার পণ্য বিক্রি, ক্রয়াদেশ ২০ কোটি টাকার বেশি

এসএমই মেলা

ঢাকা,২৯ নভেম্বর- সাত দিনের ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলায় ১৪ কোটি টাকার বেশি পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী উদ্যোক্তারা পেয়েছেন ২০ কোটি টাকারও বেশি ক্রয়াদেশ।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’-এ মোট ১৪ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৬৪৪ টাকার পণ্য বিক্রি হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী উদ্যোক্তারা পেয়েছেন ২০ কোটি ৪২ লাখ ৭১ হাজার ৭৪৪ টাকার ক্রয়াদেশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের টেন্ট-জি প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।

তিনি বলেন, গতবার ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হলেও এবার পর্যাপ্ত জায়গা না পাওয়ায় সাত দিনের মধ্যেই মেলা শেষ করতে হয়েছে। তবে এবার সাত দিনের মেলায় যে পরিমাণ পণ্য বিক্রি হয়েছে, তা গতবারের ১০ দিনের বিক্রির প্রায় সমান।

মেলায় উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ দিতে ২৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের স্টলে প্রায় ছয় হাজার দর্শনার্থী ও উদ্যোক্তা যান। যাচাই-বাছাইয়ের পর ২০১ জন উদ্যোক্তাকে ঋণ পাওয়ার উপযুক্ত হিসেবে নির্বাচন করা হয়। মেলা চলাকালে ২৫ জন গ্রাহককে মোট ৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।

এ ছাড়া মেলা উপলক্ষে আয়োজিত চারটি সেমিনারে ৮০০ জন অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে ১২টি শ্রেণিতে সেরা স্টলগুলোকে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ফ্যাশন ও তৈরি পোশাক শ্রেণিতে যৌথভাবে এসো এবং নতুনত্ব বুটিকস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, হস্ত ও কারুশিল্প শ্রেণিতে ট্রেন্ডিফার, পাটজাত পণ্য শ্রেণিতে থ্রি ব্রিজ বিডি এবং পাদুকা ও চামড়াজাত পণ্য শ্রেণিতে আরমাদিয়া রয়েছে।

এ ছাড়া গয়না শ্রেণিতে খঞ্জন, ভেষজ ও প্রসাধনী শ্রেণিতে পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শ্রেণিতে খাস ফুড, হালকা প্রকৌশল শ্রেণিতে টিম স্টার টেকনোলজি, তথ্যপ্রযুক্তি সেবা শ্রেণিতে আইটি বিটস এবং বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য শ্রেণিতে নাভেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস পুরস্কার পেয়েছে।

প্লাস্টিক ও রাবারজাত পণ্য শ্রেণিতে ইন্টারলিংক ইন্টারন্যাশনাল এবং সরকারি প্রতিষ্ঠান শ্রেণিতে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর সেরা স্টলের পুরস্কার অর্জন করেছে।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language