জাতীয়

শারমিন সুলতানার প্যারোলে মুক্তির আবেদন করেনি পরিবার: রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী শারমিন সুলতানা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন

ঢাকা,২৯ নভেম্বর-সন্তানের মৃত্যুর পর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

আরটিভির পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

শারমিন সুলতানা গ্রেপ্তার হওয়ার পর যখন জানা যায়, তার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে, তখন সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই তার জামিনে মুক্তির দাবিতে লেখালেখি করেছিলেন। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আর আলোচনায় আসেনি।

আজ ছেলেটির মৃত্যুর পর সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে এ ঘটনায় ব্যথিত।

তুর্যের মৃত্যুর পর তার মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি নিয়েও অনেককে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করতে দেখেছি। এ কারণে বিষয়টি নিয়ে আমি গাজীপুরের ডিসির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, ‘শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য তারা কোনো আবেদন কিংবা ফোনকল পাননি।

ডিসি আমাকে আরও জানিয়েছেন, তার স্বামী বা পরিবারের কেউ সন্তানের মৃত্যুর বিষয়টি জানিয়ে প্যারোলে মুক্তির আবেদনও করেননি। বরং পরিবারের পক্ষ থেকে লাশ কারাফটকে নিয়ে যাওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি ডিসিকে জানাননি। তবে কোনো আসামিকে তার পরিবারের কারও লাশ দেখানোর আইনগত এখতিয়ার সিনিয়র জেলার রাখেন।

তবে প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই কেবল সবাই বিষয়টি জানতে পারেন। তুর্যের পরিবার যদি শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য আবেদন করত, তাহলে তাকে মুক্তি না দেওয়া হলে এ বিষয়ে সরকারকে দায়ী করা যেত।

এই সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়নের পথে না গিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে সন্তানের মৃত্যুর পর একজন মাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না, এমনটা কোনোভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল। তুর্যের পরিবার যদি প্যারোলে মুক্তির জন্য ডিসিকে বিষয়টি জানাত, তাহলে হয়তো এমন হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হতো না।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language