শেখ হাসিনা দেশে ফিরছেন না, ‘ফেসবুকেই থাকবেন’: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ঢাকা,২৯ নভেম্বর-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।’
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, তাদের ধ্বংসাত্মক কার্যক্রম দেশে অবস্থানরত আওয়ামী লীগের অন্য নেতা-কর্মীদের বিপদের মুখে ফেলছে।
তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা ফেসবুকে বিভিন্ন ধরনের শোরগোল করছেন, আগুন দিচ্ছেন এবং এসব ঘটনা সরাসরি সম্প্রচার করছেন। তাদের কর্মকাণ্ড দেখে অনেকের মনে হচ্ছে, দেশে বড় ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে দেশে তেমন কিছু ঘটছে না।
ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, যারা অপরাধ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে।
এ সময় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা সরাসরি বলেন, ‘মোটেও না।’
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬







