মধ্যপ্রাচ্য

প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান

রিয়াদ,২৯ নভেম্বর-আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে দেশটিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় এসব সেনা সৌদি আরবের ভূখণ্ডে দায়িত্ব পালন করবেন।

রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবগামী সেনাদের সম্মানে শনিবার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, সৌদি আরবের রাষ্ট্রদূত রাজেহ তামি আলবুগামি এবং পাকিস্তানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সেনারা পারস্পরিক সম্মত প্রতিশ্রুতি ও প্রতিরক্ষা সহযোগিতার বিদ্যমান কাঠামোর আওতায় সৌদি আরবের অভ্যন্তরে তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবেন।’

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, বর্তমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই সেনা মোতায়েন সৌদি আরবের প্রতিরক্ষাসক্ষমতা আরও বাড়াতে সহায়তা করবে।

পাকিস্তান আইএসপিআর আরও জানিয়েছে, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং মক্কা ও মদিনায় ইসলামের পবিত্র দুই মসজিদের মর্যাদা সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলায় সৌদি আরবের জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ার পরিপ্রেক্ষিতে এই সেনা মোতায়েনের ঘোষণা এসেছে। এর কয়েক দিন আগে ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

গত আগস্টে মক্কায় তিন দেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, কোনো এক সদস্যের ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। তবে নতুন করে পাঠানো সেনার সংখ্যা, তাদের দায়িত্বের ধরন এবং মোতায়েনের মেয়াদ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পাকিস্তান।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language