মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্সের ওপর গাছ পড়ে সড়ক বন্ধ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

মুন্সিগঞ্জ, ৯ জুলাই – মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে একটি বিশাল গাছ ভেঙে অ্যাম্বুলেন্সের ওপর পড়েছে। এই ঘটনার ফলে শ্রীনগর ও মুন্সীগঞ্জ সংযোগ সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে।
বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ইছাপুরা এলাকায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর হঠাৎ গাছটি ভেঙে পড়ে। এতে রাস্তার দুই পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে গাছটি সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়।
এরপর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান যে ঘটনার সময় অ্যাম্বুলেন্সটি খালি ছিল।
ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ৯ জুলাই ২০২৬









