জাতীয়

দুর্গাপূজার ছুটিতেও ২০–২২ অক্টোবর সীমিত পরিসরে আমদানি-রফতানি চালুর নির্দেশ এনবিআরের

এনবিআর

ঢাকা,১৭ অক্টোবর-শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও দেশের কাস্টমস হাউস ও স্টেশনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির দিনগুলোতে এসব কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে এনবিআরের কাস্টমস নীতি বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, ভোমরাসহ বিভিন্ন কাস্টমস হাউস ও স্টেশনের কমিশনারদের চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকেও বিষয়টি জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর। ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার অব কমার্স, ঢাকা মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এনবিআরের এই উদ্যোগের উদ্দেশ্য হলো সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন কমানো এবং দেশের বাণিজ্য সচল রাখা। তবে ছুটির দিনগুলোতে কোন কোন সেবা কী সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে, সে বিষয়ে নির্দেশনায় বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এস এম/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language