মুন্সীগঞ্জের শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ, ৩ জুলাই – মুন্সীগঞ্জের শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত নয়টা পঁচিশ মিনিটের দিকে উপজেলার ছনবাড়ী এলাকায় আল মদিনা মসজিদের পাশের রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইলে খবর আসে যে ছনবাড়ী এলাকায় রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে আছে।
সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এস এম/ ৩ জুলাই ২০২৬









