জাতীয়

মিরপুর-১০-এর দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার নির্দেশ

ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

ঢাকা,১৭ অক্টোবর-রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। পাশাপাশি পথচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে যান বলে জানিয়েছেন তাঁর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর চলাচলে তাদের কতটা সুবিধা হয়েছে এবং বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে কি না। এ ছাড়া নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি।

প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। এ সময় তিনি রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের চলাচলের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের চলাচলে বাধা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

তিনি বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা জরুরি।

এস এম/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language