মধ্যপ্রাচ্য

ইরানে ভর্তুকি মূল্যে কোরবানির মাংস বিক্রি: স্বস্তি ফেরানোর চেষ্টা

তেহরান, ২৯ মে – সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় ইরানে মাংসের বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জনগণকে কিছুটা স্বস্তি প্রদান করতে ভর্তুকি মূল্যে কোরবানির মাংস বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা ইরানে তুলনামূলক সীমিত পরিসরে উদযাপিত হলেও ধর্মীয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পশু জবাই ও মাংস বিতরণের আনুষ্ঠানিকতা পালন করা হয়। তেহরান সিটি কর্পোরেশন জানিয়েছে যে নির্ধারিত বিক্রয়কেন্দ্রে প্রতি কেজি কোরবানির মাংস ৭৪ লাখ রিয়াল বা প্রায় ৪ দশমিক ৩০ ডলারে বিক্রি করা হবে।

অথচ খোলা বাজারে এই পরিমাণ মাংসের দাম সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় তিন গুণ বেশি। মার্কিন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বাণিজ্য জটিলতার কারণে ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।

বর্তমানে একজন শ্রমিকের মাসিক সর্বনিম্ন মজুরি ১০০ ডলারের নিচে নেমে আসায় লাল মাংস কেনা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে মাংসের চাহিদা প্রায় ৫০ শতাংশ কমেছে।

অনেক পরিবার এখন মাংসের পরিবর্তে ডিম বা ডালজাতীয় খাবারের ওপর নির্ভর করছে। মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রতিনিধি মাসুদ রাসুলি জানিয়েছেন যে চাহিদার ব্যাপক পতনের ফলে বর্তমানে স্থানীয় উৎপাদন দিয়েই বাজারের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে।

সংশ্লিষ্ট তথ্যমতে ১০ বছর আগে যেখানে একটি জীবিত ভেড়ার দাম যা ছিল বর্তমানে মাত্র এক কেজি মাংসের দাম সেই পর্যায়ে পৌঁছেছে।

এস এম/ ২৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language