সংঘাতের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করল ইরান

তেহরান, ২৬ জুলাই – যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এবং যুদ্ধবিরতির প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করার দাবি করেছে ইরান। দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তেল রপ্তানি থেকে প্রাপ্ত এই আয় চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত লক্ষ্যের ৬০ শতাংশেরও বেশি।
পাকনেজাদ বলেন যে যুদ্ধবিরতি পরবর্তী সময়ে সমুদ্রে তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকি অনেক কমে গেছে। এই সুযোগে ইরানের তেল রপ্তানি বৃদ্ধি পাওয়ায় মজুত রাখা প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও গ্যাস কনডেনসেটের একটি উল্লেখযোগ্য অংশ বাজারে ছাড়া সম্ভব হয়েছে।
ইরানি প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জ্বালানি রপ্তানি সচল রাখা হয়েছে। এর ফলে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এস এম/ ২৬ জুলাই ২০২৬









