ইরানি হামলায় এরবিলে মার্কিন ঘাঁটি প্রায় ধ্বংসের দাবি

তেহরান, ২৬ জুলাই – ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া দাবি করেছেন, ইরাকের এরবিলসহ সংশ্লিষ্ট অঞ্চলে পরিচালিত ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি উল্লেখ করেন, এরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর প্রায় পুরোটাই ধ্বংস করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, তেহরান এখন আরাশ-২ ড্রোন অপেক্ষা আরও বেশি উন্নত ও শক্তিশালী আক্রমণাত্মক ড্রোন মোতায়েন করছে।
মুখপাত্রের ভাষ্যমতে, ইরানি হামলার কারণে ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোর অনেকগুলোই তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা অনেকাংশে হারিয়েছে। তিনি আরও দাবি করেন, এরবিলের অবকাঠামো ধ্বংসের ফলে সেখানে অবস্থানরত ইরানবিরোধী গোষ্ঠীগুলোর অভিযান চালানোর সামর্থ্য বর্তমানে নেই।
আকরামিনিয়া আরও জানান, দক্ষিণ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় এলাকা জুড়ে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক সরঞ্জাম ও ঘাঁটি থাকলেও তারা সাম্প্রতিক ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাত পুনরায় শুরু হলে ইরান তাদের সামরিক অভিযান অব্যাহত রাখতে সম্পূর্ণ প্রস্তুত।
আমেরিকানরা যতক্ষণ পর্যন্ত এটি বুঝতে না পারবে যে আগ্রাসনের মাধ্যমে ইরানি জাতির ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সম্ভব নয়, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলতে পারে বলে তিনি মন্তব্য করেন।
মুখপাত্র আরও দাবি করেন যে বিগত ৪০ দিনের যুদ্ধে আরাশ-২ ড্রোন ব্যবহৃত হলেও বর্তমানে আরও নিখুঁত এবং দূরপাল্লার নতুন ড্রোন মোতায়েন করা হচ্ছে। তবে নতুন এই ড্রোনের বিস্তারিত কারিগরি তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এস এম/ ২৬ জুলাই ২০২৬









