চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের কাঁটাতারবিহীন সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি

কাঁটাতারবিহীন সীমান্ত

চাঁপাইনবাবগঞ্জ,২৯ নভেম্বর-সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে, সে জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার দুর্গম, জঙ্গলাকীর্ণ ও কাঁটাতারের বেড়াহীন পুশইনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নজরদারি ও টহল বাড়িয়েছে বিজিবি।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১৮৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ৩৫ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। এসব এলাকা দুর্গম ও জঙ্গলাকীর্ণ হওয়ায় সাম্প্রতিক সময়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এসব পথ দিয়ে পুশইনের চেষ্টা চালাচ্ছে। তবে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বিএসএফের সব প্রচেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের নাশকতা ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে বিজিবি সদর দপ্তর। এর পরিপ্রেক্ষিতে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে সেখানে কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত টহল জোরদার করেছে বিজিবি। একই সঙ্গে নদীপথেও নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-আমিন অপু এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাকিব আহমেদ বলেন, স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language