চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ, ২৮ আগস্ট – চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পাগলা নদীতে গোসল করতে নেমে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুদের মধ্যে দুই জোড়া সহোদর বোন রয়েছে। তারা হলো চর চাকলা গ্রামের মাসুদের দুই মেয়ে সুমাইয়া ও আরিবা এবং নিজামুদ্দিনের দুই মেয়ে সুমাইয়া ও সুরাইয়া। নিহত অন্য শিশুটি হলো একই গ্রামের শরিফুলের মেয়ে শরিফা।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন জানান, দুপুরে ওই পাঁচ শিশু মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এসময় হঠাৎ মাসুদের মেয়ে সুমাইয়া পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধারের জন্য হাত বাড়িয়ে দেয় ছোট বোন আরিবা। এরপর একে একে অন্য শিশুরাও তাদের বাঁচাতে পানিতে নামে এবং একপর্যায়ে পাঁচ শিশুই গভীর পানিতে তলিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাঁচ শিশুর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এনএন/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language