স্কুলের খাবার খেয়ে শিবগঞ্জে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ, ০১ অক্টোবর- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টিফিনের খাবার খাওয়ার পর ওই শিক্ষার্থীরা পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর সব শিশুই এখন পুরোপুরি সুস্থ রয়েছে এবং তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।
তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহ করা খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য অফিসার এবং জেলা স্যানিটারি পরিদর্শককে সদস্য করা হয়েছে।
গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ০১ অক্টোবর ২০২৬







