মধ্যপ্রাচ্য

পাইলটদের সংঘর্ষের পর ইসরায়েলের সঙ্গে ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই

ফ্লাইদুবাই

আবুধাবি,০১ অক্টোবর-  দুবাইভিত্তিক বাজেট এয়ারলাইন ফ্লাইদুবাই ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে। বুধবার দুবাই থেকে তেল আবিবগামী এফজেড১০৭৩ ফ্লাইটের ককপিটে পাইলটদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার পর ফ্লাইটটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, ৩০ সেপ্টেম্বরের এফজেড১০৭৩ ফ্লাইটে ঘটে যাওয়া ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত চলাকালে ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে আসা ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমান সংস্থাটি জানিয়েছে, সাময়িক এই স্থগিতাদেশের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যেতে এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত সব তথ্য ও পরিস্থিতি নিশ্চিত করতে পারবে। ফ্লাইদুবাইয়ের ভাষ্য, যাত্রী, ক্রু এবং তাদের কার্যক্রমের নিরাপত্তা ও কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ফ্লাইদুবাই আরও জানিয়েছে, সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং বিমানবন্দর সংশ্লিষ্টদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইনটি। সম্ভব হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা এবং বিকল্প ব্যবস্থা দেওয়ার কাজ চলছে বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার ১৭৪ যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে ছেড়ে যায় এফজেড১০৭৩ ফ্লাইটটি। ককপিটে সংঘর্ষের ঘটনার পর উড়োজাহাজটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইদুবাই জানিয়েছিল, ‘ফ্লাইট ডেকে একটি সংঘর্ষের ঘটনা’ ঘটেছে। এরপর উড়োজাহাজে থাকা ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিরাপদে সৌদি আরবের দিকে গতিপথ পরিবর্তন করেন।

বিমানবন্দর কর্মকর্তারা জানান, এ ঘটনায় উড়োজাহাজটির ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন এবং তাদের অবস্থা ভালো রয়েছে বলেও জানানো হয়।

ঘটনার তদন্তে সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টারের নিরাপত্তা তদন্ত দল কাজ শুরু করেছে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা নির্ধারণ, বিমান চলাচলের নিরাপত্তার বিভিন্ন দিক পর্যালোচনা এবং সংশ্লিষ্ট তথ্য ও প্রমাণ সংগ্রহে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইদুবাইয়ের সরবরাহ করা একটি বিকল্প উড়োজাহাজে করে যাত্রীরা তাবুক থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

এস এম/ ০১ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language