অক্টোবর থেকে ইউএইতে জ্বালানি তেলের দাম আবারও বাড়ছে

আবুধাবি,৩০ সেপ্টেম্বর- অক্টোবর মাসের জন্য নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আগামী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। সেপ্টেম্বরে জ্বালানির দাম সামান্য বাড়ার পর অক্টোবরে আবারও উল্লেখযোগ্যভাবে দাম বাড়ানো হয়েছে। এর আগে আঞ্চলিক যুদ্ধের কারণে টানা চার মাস দাম বাড়ার পর জুলাইয়ে ইউএইতে জ্বালানির দাম কমেছিল।
১ অক্টোবর থেকে ইউএইতে নতুন নির্ধারিত জ্বালানি তেলের দাম হবে—সুপার ৯৮ পেট্রোল প্রতি লিটার ৪.৪০ দিরহাম। সেপ্টেম্বরে ছিল ৩.৮০ দিরহাম। স্পেশাল ৯৫ পেট্রোল প্রতি লিটার ৪.২৮ দিরহাম। বর্তমানে দাম ৩.৬৯ দিরহাম। ই-প্লাস ৯১ পেট্রোল প্রতি লিটার ৪.২১ দিরহাম। আগের দাম ছিল ৩.৬১ দিরহাম। ডিজেল প্রতি লিটার ৪.৮০ দিরহাম। সেপ্টেম্বরে ছিল ৪.৩০ দিরহাম।
২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউএইতে খুচরা জ্বালানির দাম ধারাবাহিকভাবে বেড়েছে। একপর্যায়ে দাম ৬০ শতাংশের বেশি বাড়ার পর জুলাইয়ে তা কমে যায়। এরপর আগস্ট ও সেপ্টেম্বরে আবারও জ্বালানির দাম বাড়ানো হয়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। ওয়াশিংটন এই যুদ্ধবিরতি আর বাড়াতে চায় না। অন্যদিকে তেহরান সংঘাত আরও বাড়ানোর হুমকি দিয়েছে। একই সময়ে লোহিত সাগরে তেল অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলাও বেড়েছে। সূত্র : খালিজ টাইমস।
এস এম/ ৩০ সেপ্টেম্বর ২০২৬







