মধ্যপ্রাচ্য

ইরাকের আকাশে ‘শত্রু’ বিমান দেখলে ভূপাতিতের হুমকি কাতাইব হিজবুল্লাহর

কাতাইব হিজবুল্লাহ

চলতি সপ্তাহেই ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিদায় নেওয়ার কথা। এর ঠিক আগে ইরাকের আকাশে কোনো ‘শত্রু’ বিমান দেখলে তা ভূপাতিত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। একই সময়ে, হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটনের বার্তার পরিবর্তে একজন মধ্যস্থতাকারীর ওপর ভরসা রাখছে ইরান।

আগামী বুধবারের মধ্যে ইরাকে মার্কিন মিশন শেষ হওয়ার কথা। উত্তর ইরাকের এরবিল ঘাঁটি থেকে তারা সেনা সরাতেও শুরু করেছে। এ অবস্থায় হিজবুল্লাহ কর্মকর্তা আবু মুজাহিদ আল-আসফ বলেছেন, প্রথমে তারা সতর্ক করবে, এরপর বিমান ভূপাতিত করবে।

বৃহস্পতিবারের পর ইরানের ওপর থেকে ‘বিমান অবরোধ’ তুলে নিতে বাগদাদের কাছে দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় সীমান্ত বন্ধ করার কথাও বলা হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে গত শুক্রবার ইরানের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় ইরাক। ২০০০-এর দশকে গঠিত এই হিজবুল্লাহ মূলত শিয়া মিলিশিয়া সংগঠন ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’-এর অংশ।

অন্যদিকে, হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য সাত দিনের পরিকল্পনা করেছে তেহরান। এ বিষয়ে মার্কিন উত্তরের জন্য তারা ডোনাল্ড ট্রাম্প বা মার্ক রুবিওর বক্তব্যের ওপর নির্ভর করছে না। ইরানের সাবেক কূটনীতিক হাদি আফকাহি আল জাজিরাকে জানান, নিউইয়র্কে থাকা ইরানি দলের সব সিদ্ধান্ত একজন মধ্যস্থতাকারী নিচ্ছেন। বাইরে ভিন্ন কথা বলা হলেও ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ইরান চায়, আলোচনা বাতিল না হয়ে পিছিয়ে যাক। এটি নিউইয়র্ক থেকে সরিয়ে আরব বা ইউরোপের কোনো দেশে হতে পারে বলেও তেহরান আশা করছে। তবে নিজেদের দাবিতে তারা এখনও অটল রয়েছে।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language