লোহিত সাগরে আবার সচল সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, ইয়ানবু দিয়ে তেল সরবরাহ শুরু

রিয়াদ, ২৯ সেপ্টেম্বর- লোহিত সাগরের বুকে আবারও শুরু হয়েছে বড় ধরনের কর্মযজ্ঞ। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর বন্ধ হয়ে যাওয়া ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ আবার চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে দেশটির ইয়ানবু বন্দর দিয়ে আবারও অপরিশোধিত তেল সরবরাহ শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই খবরটি কিছুটা স্বস্তির। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। অথচ এই সংঘাতের আগে বিশ্বের মোট তেলের পাঁচ ভাগের এক ভাগই এই পথ দিয়ে যেত। এখন ইয়ানবু বন্দর চালু হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি আবার নতুন করে গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোপীয় স্পেস এজেন্সির স্যাটেলাইট ছবিতেও এই ব্যস্ততার প্রমাণ পাওয়া গেছে। জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম’ এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর ইয়ানবু এবং এর ঠিক দক্ষিণের আল মুয়াজ্জিজ টার্মিনালে প্রায় এক কোটি ব্যারেল তেল তুলেছে সৌদি আরব। রয়টার্সের খবরে দুজন ব্যবসায়িক সূত্রের বরাতে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে বন্দরটি দিয়ে প্রতিদিন গড়ে ২০ লাখ ব্যারেল তেল সরবরাহ হচ্ছে।
তবে পরিস্থিতি পুরোপুরি আগের অবস্থায় ফিরতে আরও কিছুটা সময় লাগবে। জাহাজ নজরদারি প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, পাইপলাইন দিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় ২৬ লাখ ৫০ হাজার ব্যারেল তেল যাচ্ছে। আগামী কয়েক দিনে তা ৩০ থেকে ৪০ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে। তবে হামলার আগের অবস্থায়, অর্থাৎ প্রতিদিন ৫৫ লাখ ব্যারেল সরবরাহের মূল লক্ষ্যে পৌঁছাতে আরও অন্তত এক মাস সময় লাগতে পারে।
এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬







