মধ্যপ্রাচ্য

ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের অবকাঠামো নিরাপদ থাকবে না: গালিবাফ

ইরানের নিরাপত্তা

তেহরান, ২৯ সেপ্টেম্বর- ইরানের নিরাপত্তা নিশ্চিত করা না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গালিবাফ বলেছেন, যে অঞ্চলে ইরান তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো পক্ষও তেল বিক্রি করতে পারবে না। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে সতর্ক করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি বা ‘দুঃসাহসিক পদক্ষেপের’ জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার আরও বলেন, দেশটির ওপর নৌ অবরোধ আরোপ, আকাশপথ বন্ধ করা কিংবা বাণিজ্যপথে চাপ সৃষ্টি করার মার্কিন চেষ্টা সফল হবে না।

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন গালিবাফ। আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি স্পষ্ট করে জানান, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে পুরো অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ইরানের জনগণের সম্পদ লুট করা এবং দেশটিকে বিভক্ত করা।

মার্কিন জনগণের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে মোহেবি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের কাছে আইআরজিসির পাঠানো চিঠির উদ্দেশ্য ছিল প্রকৃত পরিস্থিতি তুলে ধরা, যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব বিস্তার করা নয়।

মোহেবি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ইরানে হামলার পেছনে পরমাণু অস্ত্রের বিষয়টি মূল কারণ নয়। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও জানেন যে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

আইআরজিসির এই কর্মকর্তা আরও অভিযোগ করেন, ইরানের জনগণ ও তাদের সম্পদ দখল করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশটিকে বিভক্ত করে আবারও নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত করতে চায় ওয়াশিংটন।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language