শিক্ষা

বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ শিক্ষা বোর্ডের

দেশের বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের প্রতীকী ছবি
বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর- দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসায় থাকা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। এ জন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে তা গঠন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এ দেওয়া ক্ষমতাবলে দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

এর আগে গত ২ আগস্ট বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জারি করা নির্দেশনা বহাল থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের সংশোধিত প্রবিধানমালার প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (৩) অনুযায়ী, মাদরাসা প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে সভাপতি মনোনয়নের জন্য তিনজনের একটি তালিকা পাঠাবেন। ওই তালিকায় শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তার ওপরে পদমর্যাদার সরকারি কর্মচারীদের রাখা যাবে।

তবে সিটি করপোরেশন এলাকার মাদরাসার ক্ষেত্রে মাদরাসা প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে সভাপতি মনোনয়নের প্রস্তাব পাঠাবেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের এই নির্দেশনা দেশের সব স্তরের অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠনের বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে নতুন করে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬




FAQ

১. কোন মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে?

দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২. মাদরাসাগুলোকে প্রথমে কী করতে হবে?

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

৩. সভাপতি মনোনয়নের জন্য কতজনের নাম দিতে হবে?

২০২৫ সালের সংশোধিত প্রবিধান অনুযায়ী সভাপতি মনোনয়নের জন্য তিনজনের একটি তালিকা পাঠানোর বিধান রয়েছে।

৪. সভাপতি মনোনয়নের তালিকায় কারা থাকতে পারেন?

শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি এবং কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তার ওপরে পদমর্যাদার সরকারি কর্মচারী তালিকায় থাকতে পারেন।

৫. সিটি করপোরেশন এলাকার মাদরাসার ক্ষেত্রে প্রস্তাব কোথায় পাঠাতে হবে?

সিটি করপোরেশন এলাকার মাদরাসার প্রতিষ্ঠানপ্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডে সভাপতি মনোনয়নের প্রস্তাব পাঠাবেন।

৬. নতুন নির্দেশনা কবে জারি হয়েছে?

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের স্বাক্ষর করা নির্দেশনাটি ২৯ সেপ্টেম্বর ২০২৬ জারি হয়েছে।

Back to top button
🌐 Read in Your Language