চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

চাঁপাইনবাবগঞ্জ, ২০ জুন – চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক বাধার মুখে তারা শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হয়। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুশইনের অপেক্ষায় থাকা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে থাকায় সেখানে কতজন নারী, পুরুষ বা শিশু রয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না।
তবে ধারণা করা হচ্ছে সেখানে প্রায় ২০ জন মানুষ থাকতে পারেন। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এস এম/ ২০ জুন ২০২৬









