আইন-আদালত

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবী ও যুবলীগ নেতাকে মারধর, হেনস্তার শিকার সাংবাদিক

ঢাকা, ১৮ নভেম্বর – রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ রানা ছাত্রদলের হাতে হেনস্তার শিকার হন। পাশাপাশি শুনানিতে অংশ নিতে আসা আওয়ামীপন্থি এক আইনজীবী ও যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার রিমান্ড শুনানির জন্য সাবেক মেয়র সাঈদ খোকনকে প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে আনা হয়।

সাংবাদিককে হেনস্তা: প্রিজন ভ্যান থেকে সাঈদ খোকনকে নামানোর সময় ছবি তুলতে গেলে দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ রানার ওপর চড়াও হন ছাত্রদলের নেতাকর্মীরা। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শাকিল আহম্মেদ সেতুর নেতৃত্বে তাকে বাধা দেওয়া হয় এবং ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি তার প্রেস কার্ড কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।

যুবলীগ নেতা ও আইনজীবীকে মারধর: পরবর্তীতে রিমান্ড শুনানির জন্য সাঈদ খোকনকে যখন কাঠগড়ায় তোলা হয়, তখন তার পক্ষে শুনানি করতে আসেন আওয়ামীপন্থি আইনজীবী ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ। আদালতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর তাকে ধরে সূত্রাপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আদালত চত্বরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন বাধার মুখে পড়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক মাসুদ রানা। তিনি বলেন—“পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে ছাত্রদল নেতা সেতু আমাকে হেনস্তা করেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দালালি করতে এসেছে উল্লেখ করে কার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করে। আদালত চত্বরে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।”

বিচারালয়ের প্রাঙ্গণে আইনজীবী ও সংবাদকর্মীদের ওপর এমন হামলা এবং অসহযোগিতার ঘটনায় আইন অঙ্গন ও সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

এনএন/ ১৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language