বলিউড

মৃত্যুর পর পরিবারের জন্য এক কানাকড়িও রাখবেন না রজনীকান্ত!

মুম্বাই, ১৭ নভেম্বর – দক্ষিণ ভারতের সিনেমার দুনিয়ায় তিনি কেবল একজন অভিনেতা নন, এক জীবন্ত কিংবদন্তি। বাসের কন্ডাক্টর থেকে নিজের অদম্য মেধা ও পরিশ্রমে রুপালি পর্দার ‘থালাইভার’ হয়ে ওঠা রজনীকান্ত আবারও প্রমাণ করলেন কেন তিনি কোটি মানুষের হৃদয়ের রাজা। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে অগাধ অর্থ ও সম্পত্তির মালিক হলেও, মৃত্যুর পর তার এই সাম্রাজ্যের বিন্দুমাত্র অংশও পরিবার পাবে না—এমন অভাবনীয় ঘোষণা দিয়ে চারদিকে আলোড়ন সৃষ্টি করেছেন এই সুপারস্টার।

রজনীকান্তের মতে, আজকের এই অবস্থান পাওয়ার পেছনে রয়েছে তামিলনাড়ুর সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। জীবনের কঠিন সময়েও এখানকার দর্শকরা টিকিট কেটে তার সিনেমা দেখেছেন বলেই তিনি আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন। আর সেই কৃতজ্ঞতাবোধ থেকেই নিজের অর্জিত সমস্ত সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজের এই মহৎ সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্ট করে রজনীকান্ত জানিয়েছেন—“আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার ১ পয়সাও পাবে না। কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।”

রজনীকান্তের জীবন সংগ্রাম সবসময়ই তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণা। সাধারণ জীবন থেকে শুরু করে সিনেমার পর্দায় তার স্বতন্ত্র স্টাইল ও অভিনয় বিশ্বজুড়ে সমাদৃত। তবে এত খ্যাতির চূড়ায় পৌঁছেও সাধারণ মানুষের প্রতি তার এই নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ ভক্তদের মুগ্ধ করেছে। মৃত্যুর পরও তামিলনাড়ুর মানুষের কল্যাণে নিজের সব সম্পদ বিলিয়ে দেওয়ার এমন নজির ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সত্যিই বিরল।

এনএন/ ১৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language