ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের ফেরার খবর, সোনামসজিদ সীমান্তে নজরদারি জোরদার

চাঁপাইনবাবগঞ্জ,২৭ নভেম্বর-ভারতের মালদহ জেলার মোহদীপুর সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ফিরছেন—এমন খবর প্রচার করেছে ভারতের টিভি চ্যানেল জি ২৪ ঘণ্টা। বৃহস্পতিবার প্রচারিত এই খবরের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশনে সতর্কতা ও তৎপরতা বাড়িয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইমিগ্রেশন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তৎপর রয়েছে বিজিবিও।
জানা গেছে, জি ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফিরছেন—এমন খবরের মধ্যে মোহদীপুর সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে প্রবেশ করছেন। এতে আরও বলা হয়, দুই মাস ভারতের বেঙ্গালুরু ও হায়দরাবাদে অবস্থানের পর এক নেতা দেশে ফিরে গেছেন। তবে ওই নেতার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে, ভারতের টিভি চ্যানেলে এমন খবর প্রচারের পর মোহদীপুর স্থলবন্দরের বিপরীতে বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সোনামসজিদ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিজিবির তল্লাশিও অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সোনামসজিদ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই জামিলুর রহমান বলেন, ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়েছে। তালিকাভুক্ত কোনো অপরাধী ইমিগ্রেশনে এলে তাকে গ্রেপ্তার করা হবে। তবে ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটির নির্ভরযোগ্যতা আছে বলে তাঁর মনে হয় না। কারণ, এ ধরনের ব্যক্তির সীমান্ত পার হওয়া প্রায় অসম্ভব।
এদিকে, মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-আমিন অপু বলেন, সোনামসজিদ সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। সোনামসজিদ চেকপোস্টেও তল্লাশি বাড়ানো হয়েছে। তাই এ পথ দিয়ে কোনো অপরাধীর চলাচল প্রায় অসম্ভব।
এস এম/ ২৭ নভেম্বর ২০২৬







