ইউরোপ

সৌদি-পাকিস্তান ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো তুরস্ক

ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো তুরস্ক

আঙ্কারা,২৭ নভেম্বর-সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে তুরস্কের অংশগ্রহণের অনুমোদন দিয়েছেন।

এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে। ফলে প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে চুক্তি অনুমোদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলো।

এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে তুরস্কের। বিশেষ করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আঙ্কারা এখন আরও বিস্তৃতভাবে সহায়তা করতে পারবে।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, জোটের কোনো একটি সদস্যদেশের ওপর হামলাকে অন্য সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনো একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাকি দুই দেশও সেই পরিস্থিতির সঙ্গে যুক্ত হবে।

তবে চুক্তি অনুমোদিত হলেও সৌদি আরবে তুরস্কের সেনা মোতায়েনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ ধরনের পদক্ষেপ নিতে হলে তুরস্কের পার্লামেন্টের কাছ থেকে আলাদা অনুমোদন নিতে হবে। অর্থাৎ, চুক্তির আওতায় সামরিক সহায়তার সুযোগ তৈরি হলেও এখনই সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর পরিবর্তে গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক সমন্বয়, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন সহযোগিতার মাধ্যমে সৌদি আরবের নিরাপত্তা সক্ষমতা বাড়াতে পারে তুরস্ক। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুল আগেই জানিয়েছিলেন, চুক্তি অনুমোদনের প্রক্রিয়া শেষ হওয়ার পর সম্ভাব্য সহযোগিতার ধরন নির্ধারণ করা হবে। হুতিদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা আঙ্কারার নেই বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন।

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সম্মেলনে চুক্তিটিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আঞ্চলিক নিরাপত্তা জোরদার, সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যেই চুক্তিটি করা হয়।

তুরস্কের পার্লামেন্টে গত ৫ নভেম্বর ২৭৯-১১৯ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। পরে ১৪ নভেম্বর দেশটির সরকারি গেজেটে অনুমোদনসংক্রান্ত আইন প্রকাশ করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) প্রেসিডেন্ট এরদোয়ানের আনুষ্ঠানিক অনুমোদনের মধ্য দিয়ে তুরস্কের পক্ষ থেকে চুক্তি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হলো।

এদিকে, চুক্তির বাস্তবায়ন ও পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করতে ২৭ ও ২৮ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিন দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী তুরস্ক, বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব এবং একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ পাকিস্তানের এই প্রতিরক্ষা জোট আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

এস এম/ ২৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language