অতিরিক্ত চাঁদা দাবির বিরোধে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ,২৫ নভেম্বর-চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে এসব কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনা নিয়ে উভয় সমিতি একে অপরকে দোষারোপ করছে।
ঢাকাগামী দেশ ট্রাভেলসের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম বলেন, আগে ঢাকাগামী প্রতিটি বাস থেকে স্থানীয় বাস মালিক সমিতি ৩০ টাকা করে চাঁদা নিত।
কিন্তু আজ বুধবার সকাল থেকে তারা প্রতিটি গাড়ির জন্য ১৫০ টাকা দাবি করায় দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ পরিবহন ও হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
অন্য পরিবহনের প্রতিনিধিরা বলেন, আগে যে পরিমাণ চাঁদা দেওয়া হতো, সেই পরিমাণ না নিয়ে অতিরিক্ত টাকা দাবি করায় মালিকরা ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন। এ সমস্যার স্থায়ী সমাধানে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর ট্রাভেলসের মালিক মনোতোষ চক্রবর্তী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন বাস থেকে রাজশাহী ও নাটোরে আড়াইশ টাকা করে আদায় করা হচ্ছে। তাই সমিতি পরিচালনার জন্য তাঁরা প্রতিটি গাড়ির বিপরীতে দেড়শ টাকা দাবি করেছেন। এ কারণে কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য বাসের চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, আগে থেকেই টিকিট কেটে রাখায় বাস চলাচল বন্ধ থাকলেও যাত্রীরা অন্য পরিবহনে করে ঢাকায় যাচ্ছেন।
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬







