কলকাতা ও শিলিগুড়িতে ১ ডিসেম্বর থেকে নতুন বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র চালু

কলকাতা,২৫ নভেম্বর-পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড়ে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য নতুন ঠিকানায় বাংলাদেশি ‘ভিসা আবেদন কেন্দ্র’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। পাশাপাশি, ভিসা সহায়তা দেওয়ার জন্য ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস’ (এসজিজিএস) নামে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানকে আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এই নিয়োগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস’ কলকাতা ও শিলিগুড়িতে তাদের ‘ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (ভিএসি) পরিচালনা করবে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভিসা আবেদন কেন্দ্রের নতুন ঠিকানা হলো—সিমসিস টাওয়ার, সল্টলেক সেক্টর-৫, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি, কলকাতা-৯১। অন্যদিকে, শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্রের নতুন ঠিকানা হলো—সেবক রোড, সিটি মল, প্রথম তল, দার্জিলিং-৭৩৪০০১।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ভারতের সংশ্লিষ্ট রাজ্যগুলোতে অবস্থানরত বাংলাদেশি ভিসার আবেদনপ্রার্থীদের এই দুটি কেন্দ্র থেকে সুবিধাজনকভাবে বাংলাদেশ ভিসার আবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশি ভিসা আবেদনের জন্য ‘ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ পরিচালনার দায়িত্বে ছিল ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ নামে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি রয়েছে। তবে চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে নতুন এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬







