পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর অবস্থান, নতুন বিল আনার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

কলকাতা,২৩ নভেম্বর-পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের অনুমতি দেওয়া হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনের বিধান পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনে গোহত্যা বিরোধী নতুন বিল আনারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে গোমাতা কাটতে দেব না। গোমাতার উপরে কাউকে হাত ওঠাতে দেব না। পরিষ্কার কথা। যেভাবে পারেন আপনারা ব্যাখ্যা করতে পারেন। এ বিষয়ে আমাদের সরকারের কঠোর অবস্থান রয়েছে। বর্তমানে রাজ্যে ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন রয়েছে। সেই আইনের বিধান খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে বিলও আনা হবে।’
মুখ্যমন্ত্রী বলেন, ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনে কী করা যাবে আর কী করা যাবে না, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এ ছাড়া কলকাতা হাইকোর্টের একটি নির্দেশনা এবং সরকারের নিজস্ব নীতিও রয়েছে।
স্লটার হাউসে নিয়ম মেনে পশু জবাই এবং জোর করে গরু জবাই করাকে একই বিষয় হিসেবে দেখতে চান না বলেও জানান শুভেন্দু অধিকারী। তাঁর ভাষ্য, স্লটার হাউসগুলোতে নিয়ম মেনে পশু জবাই করা হয়। সেখানে প্রকাশ্যে গরু জবাই করা হয় না।
পশ্চিমবঙ্গে আগামী দিনে গোমাংস পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, সেটা আপনার বিষয়। কিন্তু এখানে গোমাতাকে হত্যা করতে দেওয়া যাবে না।’
গরু পাচার ও প্রকাশ্যে গরুর মাংস বিক্রির অভিযোগ প্রসঙ্গে তিনি খড়গপুর ও বারুইপুরের উদাহরণ দেন। তাঁর দাবি, এসব ঘটনায় স্থানীয় জেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আইন অনুযায়ী কাজ না হলে সরকার দ্রুত পদক্ষেপ নেবে।
অবৈধভাবে গরু জবাইয়ের তথ্য বা ভিডিও সরকারের কাছে পাঠানোর আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আইন থাকা সত্ত্বেও অবৈধভাবে অনেক গরু জবাই হয়েছে। অনেকে লুকিয়ে-চুরিয়ে গরু জবাই করেন। অবৈধভাবে গরু জবাইয়ের কোনো তথ্য বা ভিডিও আমাদের পাঠাবেন, সরকারের পক্ষ থেকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণ ও চিকিৎসার জন্য বছরে এক লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করা হবে। সরকারি নিয়ম মেনে চললে প্রতিবছর এ অনুদান দেওয়া হবে। খামারিদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিনের মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের নাম ইংরেজিসহ সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী জানান, আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলবে। ৯ ডিসেম্বর এ-সংক্রান্ত প্রস্তাব বিধানসভায় উত্থাপন করা হবে। প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হলে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। এরপর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নাম পরিবর্তনের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।
এস এম/ ২৩ নভেম্বর ২০২৬







