জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার দাবি এনসিপির

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

ঢাকা,২৩ নভেম্বর-প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বৈঠকে এনসিপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, শুধু নির্বাচনকেন্দ্রিক বা সাময়িক সমাধান নয়; বরং সংস্কার, ন্যায়বিচার ও জাতীয় সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি কৌশলগত রোডম্যাপ এবং একটি অভিন্ন ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, গত নির্বাচনের পর ৭-৮ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীসহ জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে ভুক্তভোগী হচ্ছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারপ্রধানের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ও জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক মাসে বিচারিক বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট না করার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির মতে, জাতীয় ঐক্যের প্রক্রিয়া সফল করতে হলে তিনটি মূল ভিত্তিকে অগ্রাধিকার দিতে হবে। এগুলো হলো—সংস্কার, বিচার ও জাতীয় সার্বভৌমত্ব।

এনসিপি নেতা নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই করা না গেলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। একই সঙ্গে দেশে কাঙ্ক্ষিত অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। তাই সংস্কার কোনো গৌণ বিষয় নয়; বরং অর্থনীতির চাকা সচল রাখা ও প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য এটি অপরিহার্য।

এনসিপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি জানানো হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম।

দাবিগুলোর মধ্যে রয়েছে, সংস্কার প্রক্রিয়া ও গণরায়ের বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা এবং গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং জেলা পর্যায়ে জুলাই গণহত্যার মামলাগুলোর দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল নিশ্চিত করা। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের রাজনৈতিক ও প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া।

এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির নবায়ন আলোচনায় ভারতের কাছে কঠোর বার্তা দেওয়া এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনোভাবেই আপস না করা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারিক রায় কার্যকর করার দাবিও জানিয়েছে এনসিপি।

বৈঠকে ভূরাজনৈতিক সংকট ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ পরাজিত হলেও বর্তমান রাজনৈতিক সংকট আর শুধু কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়; বরং এটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংগ্রামে রূপ নিয়েছে।

তিনি বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে এবং এদেশের স্বার্থান্বেষী মহলকে কাজে লাগিয়ে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় বাংলাদেশের জনগণ ও সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

নাহিদ ইসলাম বলেন, সীমান্তের কাছে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি ও পলাতক আওয়ামী লীগ নেতারা একসঙ্গে সমাবেশ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছেন।

এই অপপ্রচারের জবাবে বিশ্বমঞ্চে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারত নিজেই বর্তমানে আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলিম ও দলিতদের ওপর কাঠামোগত নির্যাতনের মাধ্যমে বিশ্বের শীর্ষ সংখ্যালঘু নির্যাতনকারী দেশে পরিণত হয়েছে। এ ছাড়া ঐতিহাসিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে এবং তাদের জমিজমা ও সম্পত্তি দখল করা হয়েছে।

আন্তর্জাতিক অপপ্রচার ও দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্যে সীমাবদ্ধ না থেকে সমাজের সব স্তরের সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে এনসিপি।

সরকারকে অভিন্ন জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে আলেম-ওলামা ও ধর্মীয় নেতা, সুফি সাধক এবং মাজার-দরগার প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজ, হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান নাহিদ ইসলাম।

এনসিপির প্রতিনিধিদল অতীতের ‘দলীয় পররাষ্ট্রনীতি’—যেমন আওয়ামী লীগ বা বিএনপির নিজস্ব পররাষ্ট্রনীতি—পরিহার করে একটি যৌথ ও সর্বসম্মত ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়নের জোর দাবি জানিয়েছে।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, আওয়ামী লীগ বা ভারতের এই হুমকি মোকাবিলা কোনো সাময়িক বা ‘ডিসেম্বর-কেন্দ্রিক’ বিষয় নয়; এটি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। তাই বাংলাদেশের স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদি কৌশলগত রোডম্যাপ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language