জাতীয়

লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার, ডিবিতে জিজ্ঞাসাবাদ

সাবেক এমপি আজিজুল ইসলাম

ঢাকা,২৩ নভেম্বর-রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ জানান, আজিজুল ইসলামকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরে জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language