জাতিসংঘের শান্তি পরিকল্পনায় হুতিরা রাজি হলে আগামীকালই ইয়েমেন যুদ্ধের অবসান সম্ভব: সৌদি জোট

রিয়াদ,২৯ নভেম্বর-ইরান-সমর্থিত হুতিরা জাতিসংঘের সমর্থিত শান্তি পরিকল্পনায় সম্মত হলে আগামীকালই ইয়েমেনের চলমান যুদ্ধের অবসান হতে পারে বলে মনে করছে সৌদি নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে জোটের নেতারা জানিয়েছেন, হুতিদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে যত দিন প্রয়োজন, তত দিন সামরিক চাপ অব্যাহত রাখা হবে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ কথা জানিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইয়েমেন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনকে ঘিরে রিয়াদ একটি ‘রেড লাইন’ নির্ধারণ করেছে। হুতিরা শহরটির খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় এই বন্দরনগরী রক্ষায় জোট ‘যা যা করা প্রয়োজন, তার সবই করবে’ বলে সতর্ক করেন তিনি।
ইয়েমেনে চলমান সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে, সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলার ঘটনা ঘটেছে। বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলা এবং লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি সৌদি আরবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনা দেশটির বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা এবং ‘ওয়ার্ল্ড এক্সপো ২০৩০’-এর মতো বড় আন্তর্জাতিক আয়োজনের পরিকল্পনাকে হুমকির মুখে ফেলেছে।
তবে চলতি মাসের শুরুর দিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ আগামী বছর পর্যন্ত গড়াতে পারে—এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে রিয়াদ। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার শুরুতে হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছিল। কিন্তু হুতিরা সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। বর্তমানে ইয়েমেন সরকারের প্রধান মনোযোগ তাদের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেন রক্ষা করা এবং তাইজ শহরের ওপর হুতিদের অবরোধ ভাঙার দিকে।
আল-মালিকি বলেন, সবচেয়ে ভালো সমাধান হলো রাজনৈতিক সমাধান। তবে ইয়েমেন সরকার যাতে তাদের লক্ষ্য অর্জন করতে পারে, সে জন্য তাদের সহায়তা করতে হবে। জাতিসংঘের সমর্থিত শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, হুতিরা যদি ইয়েমেন সরকারের সঙ্গে ওই রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আগামীকালই এই যুদ্ধের অবসান হতে পারে।
তিনি আরও জানান, যতক্ষণ পর্যন্ত এমন সিদ্ধান্ত না আসছে, ততক্ষণ জোট সামরিক শক্তির ওপর নির্ভর করবে। এর মাধ্যমে হুতিদের ওপর চাপ সৃষ্টি করে তাদের আচরণ পরিবর্তনে বাধ্য করা হবে। জোট ইয়েমেনের স্থলবাহিনীকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন আকাশ সহায়তা দেবে এবং সৌদি শহরগুলোর জন্য হুমকি তৈরি করা হুতিদের সক্ষমতা দুর্বল করে দেবে।
আল-মালিকি বলেন, ‘আমরা থিয়েটার ব্যালিস্টিক মিসাইল, সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থা, ব্যালিস্টিক মিসাইলের কিছু যন্ত্রাংশ এবং চালকবিহীন আকাশযান ধ্বংস ও নিষ্ক্রিয় করার লক্ষ্য অর্জন করছি।’
অন্যদিকে, হুতিরা দাবি জানিয়েছে, সৌদি আরব যেন ইয়েমেন সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে। সৌদি আরব ওই সরকারকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে, অর্থায়ন করছে এবং আংশিকভাবে রিয়াদে আশ্রয় দিয়ে রেখেছে। এ ছাড়া বিমান ও সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে তারা।
ইরান-সমর্থিত হুতিরা রাজধানী সানা দখল করে নেওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে একটি আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। বহু বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা মোটামুটি বজায় ছিল। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও লড়াই শুরু হয়।
যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হুতিরা বাব আল-মানদেব প্রণালির কাছে লোহিত সাগরের উপকূলের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করেছে। পাশাপাশি উচ্চভূমির শহর তাইজ চারদিক থেকে ঘিরে ফেলেছে। বর্তমানে হুতি বাহিনী এডেন শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
সম্প্রতি সরকারি বাহিনীর কয়েকটি পরাজয়ের মধ্যে নভেম্বর মাসে বাব আল-মানদেব প্রণালির আশপাশের অবস্থান থেকে সরে আসার ঘটনাও রয়েছে। এডেন শহরকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যুদ্ধের মোড় ঘোরাতে ইয়েমেনে সৌদি স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আল-মালিকি।
তিনি বলেন, বাইরে থেকে নতুন কোনো সেনাবাহিনী আনার প্রয়োজন নেই। সৌদি নেতৃত্বাধীন জোটের এই মুখপাত্র জানান, ইয়েমেনের সরকারি বাহিনীর কাছে পর্যাপ্ত সেনাসদস্য, উপজাতীয় সমর্থন এবং সামরিক সক্ষমতা রয়েছে। সৌদি ভূখণ্ডে হুতিদের অনুপ্রবেশ ঠেকাতে দেশটির দক্ষিণ সীমান্তে সৌদি সেনারা মোতায়েন রয়েছেন বলেও জানান তিনি।
তবে বর্তমান সংঘাতের সময় এমন কোনো অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি আল-মালিকি। তিনি বলেন, ‘আমাদের সীমান্তের কাছাকাছি যা কিছু আসবে, তা ধ্বংস করতে আমরা যা যা প্রয়োজন, তার সবই করব।’
এর পরিবর্তে জোট বাহিনী ইয়েমেনের সামরিক বাহিনীর সঙ্গে মিলে অভ্যন্তরীণ সমন্বয়সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে।
আল-মালিকি বলেন, ইয়েমেন সরকার স্বীকার করেছে, গত তিন মাসে যুদ্ধক্ষেত্রে দুবার কিছু ঘাটতি দেখা দিয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, ইয়েমেনের সেনাবাহিনী পরিস্থিতি সামলে নিয়ে কৌশলগত ও ছোটখাটো ভুলগুলো সংশোধন করবে।
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে—এমন প্রতিবেদনও নাকচ করেছেন আল-মালিকি।
রিয়াদভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘গালফ রিসার্চ সেন্টার’-এর তথ্য অনুযায়ী, অক্টোবর পর্যন্ত সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার হার ছিল ৯২ শতাংশের বেশি। তবে রিয়াদের ব্যবসায়িক এলাকায় অবস্থিত সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা সৌদি আরবকে নিরাপদ আঞ্চলিক কেন্দ্র হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে।
কয়েক দশক ধরে শত শত বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে সৌদি আরব যে সেনাবাহিনী গড়ে তুলেছে, তারা কীভাবে এমন একটি গোষ্ঠীর হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে—এমন প্রশ্ন করা হয়েছিল আল-মালিকিকে। অথচ কিছুদিন আগেও ওই গোষ্ঠী ইয়েমেনের পাহাড়ি অঞ্চলে কেবল একটি মিলিশিয়া বাহিনী ছিল।
জবাবে আল-মালিকি সৌদি আরবের ওপর হুতিদের হামলাকে বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেন। তিনি বলেন, হুতিরা যা করছে, তা কোনো সামরিক অভিযান নয়। তারা বেসামরিক মানুষ ও স্থাপনার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আর যে কেউ এমন কাজ করতে পারে। সশস্ত্র সংঘাতের আইন মেনে না চললে যে কেউ যা খুশি তাই করতে পারে। তার ভাষায়, ‘মূল চ্যালেঞ্জটা হলো, আমরা এখানে একটি সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবিলা করছি।’
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬







