আইন-আদালত

সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় শায়লা ফারজানার ৫ দিন, দুই ভাইয়ের ৩ দিনের রিমান্ড

শায়লা ফারজানা

ঢাকা,২৯ নভেম্বর-রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার দুই ভাই মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। রোববার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে এসবি প্রধানের দায়িত্ব পালন করেছেন। গ্রেপ্তার আসামিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছেন।

পুলিশের আবেদনে আরও দাবি করা হয়, বিমানবন্দর থানার ওই ককটেল বিস্ফোরণের ঘটনা এবং ঢাকা শহরের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য তারা লোকজন জড়ো করাসহ অর্থের জোগান দিয়ে আসছিলেন বলে জানা গেছে। এ ছাড়া ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে ঘটনাস্থলে অন্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্রে তারা জড়িত ছিলেন বলেও প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা।

শুনানির সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আসামিদের এজলাসে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ডে নেওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language