শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু বৃহস্পতিবার, অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী

ঢাকা, ৩০ জুন – চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী। সারা দেশের দুই হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

শিক্ষা বোর্ডভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এই বোর্ডে ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেবেন তিন লাখ ৩৯৩ জন। এছাড়া রাজশাহী বোর্ডে এক লাখ ৪০ হাজার ৮৩০ জন, দিনাজপুরে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন এবং যশোর বোর্ডে এক লাখ ১৭ হাজার ২১০ জন পরীক্ষার্থী রয়েছেন।

চট্টগ্রামের ১১৪টি কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী রয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে এক লাখ সাত হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে নিশ্চিত করতে ইতোমধ্যে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। বিশেষ পরিস্থিতিতে কোনো শিক্ষার্থী দেরিতে পৌঁছালে তার তথ্য রেজিস্টারে লিখে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এবার সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

ক্যামেরার সব কারিগরি তথ্য শিক্ষা বোর্ডে জমা দিতে হবে এবং সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সহায়তা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language