শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে তিনটি কমিটি গঠন

ঢাকা, ১৭ আগস্ট – চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্যে তিনটি পৃথক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হলেও তা এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, একাদশে ভর্তির প্রক্রিয়া চূড়ান্ত করতে এই কমিটিগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিগুলো তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর নীতিমালা চূড়ান্ত করা হবে।

এর আগে জানানো হয়েছিল যে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language