বাংলাদেশকে উচ্চশিক্ষার আন্তর্জাতিক হাব হিসেবে গড়তে কাজ করছে ইউজিসি

ঢাকা, ১৭ আগস্ট – বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার একটি অন্যতম কেন্দ্রে পরিণত করতে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংস্থাটির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন জানিয়েছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা ও অংশীদারত্বের সাথে যুক্ত করার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬ এর লিডারশিপ প্যানেল আলোচনায় তিনি এসব তথ্য জানান।
ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি শিরোনামের ওই আলোচনায় বাংলাদেশের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক মামুন বলেন, প্রথমে বাংলাদেশকে আঞ্চলিক এবং পর্যায়ক্রমে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করা ইউজিসির প্রধান লক্ষ্য। এজন্য হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন করা হচ্ছে।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ডেস্ক চালুর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম আরও সহজ করা হবে। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দীর্ঘমেয়াদি পড়াশোনার উপযোগী আবাসন ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এআইইউবির আয়োজনে অনুষ্ঠিত এই ফোরামে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্যানেল আলোচনায় অংশ নেন কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারসহ বিশিষ্টজনরা।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৮ সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এনএন/ ১৭ আগস্ট ২০২৬









