শিক্ষা

এসএসসিতে শতভাগ জিপিএ-৫: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ

নরসিংদী, ১৭ আগস্ট – চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অনিয়মের অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রবিবার শিক্ষা বোর্ডের এক দপ্তরাদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। দপ্তরাদেশে উল্লেখ করা হয়েছে, শতভাগ জিপিএ-৫ অর্জনে কোনো নিয়মবহির্ভূত কৌশল অবলম্বন করা হয়েছে কি না তা যাচাই করা হবে। এজন্য আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ শিক্ষা বোর্ডে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ নোটিশে প্রতিষ্ঠানটিকে নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর তথ্য, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকা এবং চূড়ান্ত ফরমপূরণ সংক্রান্ত বিস্তারিত নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদমাধ্যমে এই বিতর্কিত সাফল্যের খবর প্রকাশের পর বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে আসে এবং সত্যতা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language