ফিফা সভাপতির সমালোচনা করে চাকরি হারালেন সিওও কেভিন লামোর

ওয়াশিংটন, ১৮ আগস্ট – ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার প্রকাশ্য সমালোচনা করার দায়ে সংস্থাটির চিফ অপারেটিং অফিসার (সিওও) কেভিন লামোরকে বরখাস্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে সোমবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ফিফার এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে কেভিন লামোরের সঙ্গে সংস্থার পেশাগত সম্পর্কের অবসান ঘটেছে। দুই বছরের সেবার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ফিফা তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছে।
জানা গেছে, ইনফান্তিনোর প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্পের কঠোর বিরোধিতা করেছিলেন লামোর। তার অভিযোগ ছিল, এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ফিফার প্রশাসনকে সঠিক তথ্য প্রদান না করে প্রতারিত করা হয়েছে। লামোর আরও মন্তব্য করেছিলেন যে, ইনফান্তিনো নিজেকে ফিফার প্রতিচ্ছবি মনে করেন, অথচ তার মূল দায়িত্ব ছিল ফিফার স্বার্থে কাজ করা।
নিজের অবস্থানের কারণে চাকরি হারানোর ঝুঁকি থাকলেও তিনি নতি স্বীকার করতে রাজি ছিলেন না। তিনি জানিয়েছিলেন, নীতির প্রশ্নে অবিচল থেকে চাকরি হারালেও তার আক্ষেপ থাকবে না। কেভিন লামোর ২০০৭ সালে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফায় যোগ দিয়েছিলেন।
সেখানে উপ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের নভেম্বরে তিনি ফিফায় যোগ দেন। ফিফার সাংগঠনিক কাঠামোতে তার পদমর্যাদা ছিল সভাপতির মাত্র দুই স্তর নিচে। যদিও ফিফা থেকে তাকে বরখাস্তের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়নি, তবে মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম ইমেইলের মাধ্যমে কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি মাসের শুরুতে মরক্কোতে শীর্ষ নির্বাহীদের এক বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে লামোরকে আমন্ত্রণ জানানো হয়নি।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









