জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে সুস্থ রাজনীতি করতে হবে: ইশরাক হোসেন

ঢাকা, ১৮ আগস্ট – মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন জনগণের চাওয়া পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। মঙ্গলবার রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম এবং আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন আমাদের নেত্রী আমাদের যে রাজনৈতিক শিষ্টাচার এবং শিক্ষা দিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় এবং জনগণের প্রত্যাশাগুলোকে কীভাবে ধারণ করে একটি সুস্থ ও সঠিক রাজনীতি করতে হয় সেই বিষয়টি আমরা ধারণ করব।
তিনি আরও বলেন আমরা বিপুল জনসমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক প্রেক্ষাপটে সরকার গঠন করেছি। এই অগ্রযাত্রা যাতে দীর্ঘস্থায়ী হয় সেজন্য আমরা আগামী দিনেও আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন আমাদের রাষ্ট্র জনগণের অন্তরে অত্যন্ত মজবুত অবস্থানে রয়েছে। আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যাতে সেই অবস্থান ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









