শিক্ষা

ঢাবিতে সিনো-বাংলা ডে ও জব ফেয়ার: ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ

ঢাকা, ১৭ আগস্ট – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনো-বাংলা ডে ২০২৬ ও চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৪৩০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে বছরব্যাপী বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণের সুযোগও নিশ্চিত করা হয়েছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র বা টিএসসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দীন খানের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদ। আরও উপস্থিত ছিলেন ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহ-সভাপতি রেন ওয়াং, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর রানা এবং ঢাকার চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয় যেখানে চীনের ঐতিহ্যবাহী লায়ন ড্যান্স ও সাইমুম শিল্পীগোষ্ঠীর বাংলা গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে কনফুসিয়াস ইনস্টিটিউট ও সিএমসির পক্ষ থেকে শিক্ষার্থীদের সিনো-বাংলা ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রদান করা হয়। পাশাপাশি হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যার অধীনে হুয়াওয়ে এআই ট্রেনিং প্রোগ্রাম পরিচালিত হবে।

আয়োজকরা জানিয়েছেন যে এই মেলায় চীনের ৩১টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ডাকসু নেতারা জানান, শিক্ষার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এছাড়া চীনা অর্থায়নে ১ হাজার ৫০০ আসনের নতুন নারী হল নির্মাণ প্রকল্পের বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

এনএন/ ১৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language