শিক্ষা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

ববি হাজ্জাজ

ঢাকা,১৯ নভেম্বর- প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করা, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের মূল লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীরা যেন প্রত্যাশিত শিখনফল অর্জন করতে পারে, তা নিশ্চিত করা।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পিইডিপি-৫-এর আওতাধীন কার্যক্রমগুলো আরও যৌক্তিক, সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পের প্রতিটি অংশের লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহিতা স্পষ্ট থাকা প্রয়োজন। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে ভাগ না করে সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়াতে সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা এবং শিক্ষক প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে মিলিয়ে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা এবং শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি (স্ট্রাকচার্ড পেডাগজি), শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা (রিমিডিয়াল এডুকেশন) এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মান বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত বিভিন্ন গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর ও ব্যয় সাশ্রয়ী উদ্যোগগুলো বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বলে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language