মধ্যপ্রাচ্য

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি ইরানের

তেহরান, ১৮ আগস্ট – যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সমঝোতা বা ইসলামাবাদ সমঝোতার শর্তগুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য বন্ধ থাকবে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরানের সাথে করা অন্তর্বর্তী চুক্তির শর্তাবলির মধ্যে রয়েছে নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের বাজেয়াপ্ত করা সম্পদ ফিরিয়ে দেওয়া।

তিনি স্পষ্টভাবে জানান যে, সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই নৌপথ উন্মুক্ত করা হবে না।

তিনি আরও উল্লেখ করেন যে, তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল ফ্রন্টে সামরিক অভিযান ও হুমকি বন্ধ করা এবং চুক্তিতে উল্লিখিত অন্যান্য শর্তাবলি পালনে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। ওয়াশিংটন এই বিষয়গুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত ইরান তার অবস্থানে অনড় থাকবে বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language