ব্যবসা

দুর্গাপূজার ছুটিতে রাজধানীর বাজারে ক্রেতা কম, ব্রয়লার ১৯০ ও গরুর মাংস ৮০০ টাকা

রাজধানীর বাজার

ঢাকা,২০ অক্টোবর-দুর্গাপূজার ছুটিতে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি কমেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মাছ-মাংসের বেচাকেনাও কমেছে। এর মধ্যে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এক মাংস বিক্রেতা বলেন, এবার পূজার ছুটি ঈদের ছুটির মতো হয়ে গেছে। গতকাল থেকেই বাজারে মানুষের আনাগোনা কমেছে।

বাজারে মাছের দামেও ভিন্নতা দেখা গেছে। প্রতি কেজি দেশি কৈ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, বড় বোয়াল ৮০০ টাকা, গলদা চিংড়ি ১ হাজার ২০০ টাকা, ভেনামি চিংড়ি ৮০০ টাকা এবং রুপচাঁদা ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ছোট চিংড়ি প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, শরপুঁটি ২৫০ টাকা, ট্যাংরা ৫৫০ থেকে ৬৫০ টাকা, মাঝারি বাইম ৬০০ থেকে ৬৫০ টাকা এবং বড় বাইম ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি বাটা মাছ ২৮০ টাকা, ছোট সিলভার কার্প ১৪০ থেকে ১৫০ টাকা, বড় সিলভার কার্প ১৮০ টাকা, কাজলি ১ হাজার ৪০০ টাকা, শোল ৬০০ থেকে ৭০০ টাকা, গুঁড়া মাছ ৬০০ টাকা, কাচকি ৫৫০ টাকা এবং পাবদা ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

এক কেজির কম ওজনের রুই মাছ প্রতি কেজি ২৯০ টাকা এবং দুই কেজি পর্যন্ত ওজনের রুই ৩৮০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। কাতল মাছও প্রায় একই দামে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের আইড় মাছের দাম ৬০০ টাকা। ওজন অনুযায়ী এই মাছের দাম ৭০০ টাকা পর্যন্ত উঠছে।

মিরপুর বাজারের মাছ বিক্রেতা মো. সজল বলেন, গত শুক্রবারের তুলনায় এবার ক্রেতা ও বিক্রেতা—দুজনের সংখ্যাই কম। একসঙ্গে ছুটি থাকায় চাকরিজীবীদের পাশাপাশি অনেক মাছ ব্যবসায়ীও বাড়ি চলে গেছেন কিংবা অন্য কাজে ব্যস্ত রয়েছেন। এ কারণে বাজারে মাছের সরবরাহ কমেছে। অন্যদিকে ক্রেতার উপস্থিতিও কম। সব মিলিয়ে বাজারে বেচাকেনা কম হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, যারা কেনাকাটা করতে আসছেন, তাঁরা দ্রুত প্রয়োজনীয় পণ্য কিনে চলে যাচ্ছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় বাজারে মানুষের উপস্থিতি কম রয়েছে।

মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আলী আসগর বলেন, সাপ্তাহিক ছুটির দিনে বাজারে দাম বেশি থাকে এবং মাছও তাজা পাওয়া যায়। তবে আজ বাজারে ক্রেতার ভিড় কম। মাছ বিক্রেতার সংখ্যাও বেশ কম।

এস এম/ ২০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language