সারা দেশের ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল

ঢাকা,২০ অক্টোবর-সারা দেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডির কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ। সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা: নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩-এর (খ) ধারার (১) খ (১) ও (৩) অনুযায়ী, সভাপতি হিসেবে জেলা সদরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসককে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মাদরাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর জন্য আবারও অনুরোধ করা হয়েছে।
এস এম/ ২০ অক্টোবর ২০২৬







