জাতীয়

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,২০ অক্টোবর-শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিমানে করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

পরে প্রধানমন্ত্রী বাসে করে সড়কপথে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশে রওনা দেন। এ সময় বাস থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর প্রধানমন্ত্রীকে বহনকারী বাস সৈয়দপুর থেকে রংপুরের পথে যাত্রা শুরু করে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে করে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে বাসে করে সড়কপথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। পরে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে রাতে বিমানে করে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এস এম/ ২০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language