কক্সবাজার

দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়, আগুনের ঘটনায় মেরিন ড্রাইভের রিসোর্টে কমেছে বুকিং

কক্সবাজারে পর্যটকের ভিড়

কক্সবাজার,২০ অক্টোবর-দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকেরা আসতে শুরু করেছেন। সকাল থেকেই বাস ও ট্রেনে পর্যটকদের ভিড় দেখা গেছে। তবে গত কয়েক দিন ধরেই কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে।

শহরের হোটেল, গেস্টহাউস ও কটেজগুলোতে পর্যটকদের চাপ থাকলেও পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর মেরিন ড্রাইভ এলাকার রিসোর্ট ও কটেজগুলোতে পর্যটকদের উপস্থিতি কমেছে। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এসব স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় অনেক পর্যটক শহরের হোটেল বেছে নিচ্ছেন।

হোটেল মালিকেরা আশা করছেন, টানা ১০ দিনে কক্সবাজারে অন্তত ১০ লাখ পর্যটকের সমাগম হতে পারে। এ সময়ে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন খাতে হাজার কোটি টাকার ব্যবসা হবে বলেও আশা করছেন তাঁরা।

মেরিন ড্রাইভের ইনানী সৈকত এলাকার কয়েকটি রিসোর্টের কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটকেরা রিসোর্টে থাকাকে নিরাপদ মনে করছেন না। এ কারণে অনেকে আগাম বুকিংও বাতিল করেছেন।

আগুনে পুড়ে পর্যটকদের মৃত্যুর ঘটনায় মেরিন ড্রাইভ এলাকার রিসোর্ট ও কটেজের ব্যবসায় ধস নেমেছে।

কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, অগ্নিকাণ্ডে পর্যটকদের মৃত্যুর ঘটনার পর মেরিন ড্রাইভ এলাকার রিসোর্ট ও কটেজের প্রায় ৮০ শতাংশ কক্ষ খালি পড়ে আছে। অন্যদিকে শহরের হোটেল ও গেস্টহাউসগুলোতে পর্যটকদের চাপ বেড়েছে।

কক্সবাজার হোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ২১ অক্টোবর বিকেলে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। টানা ছুটিতে অন্তত ১০ লাখ পর্যটক কক্সবাজারে আসবেন বলে তাঁরা আশা করছেন।

মঙ্গলবার সকাল থেকেই সৈকতের দুই কিলোমিটার এলাকাজুড়ে পর্যটকদের ভিড় দেখা গেছে। কেউ সাগরের পানিতে গোসল করছেন, আবার কেউ বালুচরে ছাতা ও চেয়ারে বসে সমুদ্র দেখছেন।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল শুক্কুর বলেন, টানা ছুটিতে ১০ লাখ পর্যটকের সমাগম হলে হোটেল, রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন খাতে ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান বলেন, ছুটিতে কক্সবাজারে সর্বোচ্চসংখ্যক পর্যটক আসতে পারেন। তাঁদের হয়রানি বন্ধ করা এবং সেবা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন।

এস এম/ ২০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language